বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে সাহসী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন শহীদ আবু সাঈদ। এবার ফ্রান্সের বিক্ষোভেও একই ভঙ্গিতে পুলিশের সামনে দাঁড়াতে দেখা গেছে আন্দোলনকারীদের। তাঁদের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ফ্রান্সে চলমান বিক্ষোভে তরুণ আন্দোলনকারীদের জলকামান, কাঁদানে গ্যাস ও দাঙ্গা পুলিশের ঢাল-বন্দুকের মুখোমুখি হতে দেখা যায়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সশস্ত্র পুলিশের সামনে এক বিক্ষোভকারী নির্ভীকভাবে দুই হাত প্রসারিত করে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আরও কয়েকজন তাঁর পাশে দাঁড়িয়ে একই ভঙ্গিতে প্রতিবাদ জানান। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এই দৃশ্যের সঙ্গে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাঈদের প্রতিবাদের ভঙ্গির মিল খুঁজে পাচ্ছেন। সেদিন পুলিশের গুলির সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন তিনি। নেটিজেনদের অনেকে মনে করছেন, তাঁর সেই ‘ওপেন-আর্মস’ বা দুই হাত প্রসারিত করে দাঁড়ানোর ভঙ্গি এখন রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে।
রংপুরের রাজপথে আবু সাঈদের আত্মত্যাগ বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। ফ্রান্সের বিক্ষোভে একই ধরনের ভঙ্গি দেখা যাওয়ায় তাঁর প্রতিবাদের প্রতীকী তাৎপর্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনেকের মতে, আবু সাঈদের প্রতিবাদের ভঙ্গি ভৌগোলিক সীমানা, ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের প্রতীক হয়ে উঠছে। তবে ফ্রান্সের আন্দোলনকারীরা সচেতনভাবে আবু সাঈদের ভঙ্গি অনুসরণ করেছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আরও তথ্য প্রয়োজন।
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ