আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই দিন সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কর্মসূচির উদ্বোধনী সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের।
লংমার্চ সফল করতে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মসূচির সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার সভায় সভাপতিত্ব করেন। তিনি প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উদ্বোধনী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চ শুরু হবে। ঢাকা থেকে মাওয়া সড়ক ধরে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের ফকিরহাট হয়ে রূপসা সেতু দিয়ে খুলনায় পৌঁছাবে বহর। এরপর যশোর ও ঝিনাইদহ অতিক্রম করে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে আয়োজিত সমাপনী সমাবেশে অংশ নেবে লংমার্চের গাড়িবহর। কর্মসূচিতে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
যাত্রাপথে কয়েকটি স্থানে পথসভাও করবে দলটি। সূচি অনুযায়ী, সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায় প্রথম পথসভা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে, দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং বেলা ২টায় ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা হওয়ার কথা রয়েছে।
পথসভার পরবর্তী আয়োজনগুলো হবে যশোর ও ঝিনাইদহে। বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড়ে এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা অনুষ্ঠিত হবে। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে লংমার্চের বহর।
প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির এবং সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন সভায় অংশ নেন।
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ