সৌদি আরবগামী ফ্লাইট বাতিল ও স্থগিতের কারণে ভোগান্তিতে পড়া যাত্রী এবং প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি সৌদি আরবগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং প্রবাসী কর্মীদের কর্মসংস্থান রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এসব ফ্লাইট বাতিলের ফলে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনার পর বাংলাদেশ-সৌদি আরব রুটে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ৬১টি ফ্লাইট সরাসরি এ পরিস্থিতির প্রভাবে পড়েছে। এ ছাড়া ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার কথাও উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির বলেন, ফ্লাইট বিপর্যয়ের কারণে চাকরিতে যোগ দিতে যাওয়া প্রবাসী কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারলে তাঁদের চাকরির সুযোগ হারানো, ভিসার মেয়াদসংক্রান্ত জটিলতা এবং আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। একইভাবে ব্যবসায়িক কাজে সৌদি আরবগামী ব্যক্তি ও পবিত্র ওমরা পালনের প্রস্তুতি নেওয়া যাত্রীরাও অনিশ্চয়তায় পড়েছেন।
এ পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সৌদি আরবের কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে যেসব কর্মী চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের কর্মসংস্থান ও ভিসার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন।
প্রয়োজনে নিয়োগকর্তাদের সঙ্গে সমন্বয় করে কর্মীদের চাকরিতে যোগদানের সময়সীমা বাড়ানো এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার প্রস্তাবও দেন ডা. শফিকুর রহমান।
তিনি আরও বলেন, নিরাপত্তা পরিস্থিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বিকল্প বিমানবন্দর কিংবা নিরাপদ রুট ব্যবহার করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর সম্ভাবনা যাচাই করা যেতে পারে। এ ক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিকল্প ফ্লাইট, পুনঃটিকিটায়ন ও প্রয়োজনীয় যাত্রাসহায়তা নিশ্চিত করতে হবে।
স্ট্যাটাসে জামায়াত আমির সতর্ক করেন, সংকট মোকাবিলায় সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে যাত্রীদের পাশাপাশি তাঁদের পরিবারের ওপরও আর্থিক চাপ বাড়তে পারে। বিশেষ করে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান ও দেশের বৈদেশিক আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারকে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সবশেষে সৌদিগামী যাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং তাঁদের চাকরি, ভিসা ও অন্যান্য স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার অনুরোধ জানান ডা. শফিকুর রহমান।
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ