রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মিছিলের পরিকল্পনা নিয়ে সমবেত হওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যানের সি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ ও এসআই আমিরুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য মো. জালাল উদ্দিন (৩২), হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাঈম হাসান ডালিম (৩২), একই ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং হবিরবাড়ী ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আল-আমিন (৩৫)।
মোহাম্মদপুর থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখতেন। ঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো এবং দলটির ব্যানারে মিছিল করার উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় জড়ো হয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার চারজনের মধ্যে নাঈম হাসান ডালিম ও মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। ডালিমের বিরুদ্ধে সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন থানায় মাদক, বিশেষ ক্ষমতা আইন, ভাঙচুর ও মারামারির অভিযোগে মোট ছয়টি মামলা রয়েছে।
অন্যদিকে, মামুনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও ভাঙচুরের অভিযোগে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ